ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শাজাহানপুরে বিএনপির বিজয় মিছিল ও সমাবেশ
- Update Time : ০৪:৪৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
- / ১৫২ Time View

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
৫ই আগস্ট, ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বগুড়ার শাজাহানপুর উপজেলা বিএনপির উদ্যোগে এক বিশাল ছাত্র-জনতার বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন, যা মহাসড়কে এক বর্ণাঢ্য শোভাযাত্রার রূপ নেয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল বাসেদ পি.পি.। তিনি তাঁর বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে বলেন, “এই দিনটি জনগণের বিজয়ের দিন, স্বৈরাচারের পতনের ইতিহাস। দেশের মানুষ তাদের অধিকার আদায়ে সর্বদা প্রস্তুত।”
শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কে. এম. খাইরুল বাশার। তিনি বলেন, “জুলাইয়ের চেতনাকে ধারণ করে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হবে।”
অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সমাবেশ শেষে একটি বিশাল বিজয় মিছিল বের করা হয়। মিছিলটি মহাসড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে। অংশগ্রহণকারী নেতাকর্মীদের হাতে দলীয় পতাকা ছিল এবং তারা বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তোলে।
অনুষ্ঠানের সভাপতি এনামুল হক শাহীন সমাপনী বক্তব্যে সমাবেশে উপস্থিত সকল নেতাকর্মীকে ধন্যবাদ জানান এবং আগামী দিনে দলের সকল কর্মসূচিতে অংশগ্রহণের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান।










