শহীদদের স্মরণে ছাত্রদলের সমাবেশ: ভার্চুয়ালি ভাষণ দেবেন তারেক রহমান
- Update Time : ১২:৫৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
- / ১২৭ Time View

ঢাকা, ৩ আগস্ট, ২০২৫: ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আজ রবিবার রাজধানীর শাহবাগে এক সমাবেশের আয়োজন করেছে। এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য দেবেন।
দুপুর আড়াইটায় এই সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সিনিয়র নেতা এবং সাবেক ছাত্রনেতারা সমাবেশে যোগ দেবেন বলে জানা গেছে।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের সঞ্চালনায় এই সমাবেশ অনুষ্ঠিত হবে। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন দলের ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল।
সমাবেশকে কেন্দ্র করে শাহবাগ ও এর আশেপাশের এলাকায় ব্যাপক সংখ্যক নেতাকর্মী জড়ো হয়েছেন। সারা দেশ থেকে কয়েক লাখ নেতাকর্মী এতে যোগ দেবেন বলে আয়োজকরা আশা প্রকাশ করছেন। চট্টগ্রাম থেকে ২০ বগির একটি বিশেষ ট্রেন ভাড়া করে ছাত্রদলের নেতাকর্মীরা ঢাকায় এসেছেন।
ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই-আগস্ট আন্দোলনে ছাত্রদলের ১৪২ জন নেতাকর্মী শহীদ হয়েছেন। আজকের সমাবেশ থেকে সেই সকল আত্মত্যাগকারী বীরদের স্মরণ করা হবে। এছাড়া, সমাবেশে তরুণদের কর্মসংস্থান এবং শিক্ষার্থীদের মানবসম্পদ হিসেবে গড়ে তোলার বিষয়েও বার্তা দেওয়া হবে।
এদিকে, সমাবেশের কারণে সৃষ্ট সম্ভাব্য জনদুর্ভোগের জন্য ছাত্রদল আগাম দুঃখ প্রকাশ করেছে। তারা জানিয়েছে, জনসাধারণের চলাচলে অসুবিধা না হয় এবং সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে তারা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। সমাবেশে কোনো ধরনের ব্যানার, ফেস্টুন বা প্ল্যাকার্ড আনা নিষিদ্ধ করা হয়েছে এবং নেতাকর্মীদের নির্ধারিত স্থানে অবস্থান করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, প্রথমে এই সমাবেশটি জাতীয় শহীদ মিনারে আয়োজনের পরিকল্পনা থাকলেও, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনুরোধে তা শাহবাগে স্থানান্তর করা হয়। একই দিনে এনসিপিও কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের ডাক দিয়েছে।










