চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ অন্তত ১১ জনকে আটক করেছে পুলিশ।
৬ নভেম্বর সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাঁদের আটক করা হয়েছে। তিনি আরও জানান, রাতভর অভিযান চলবে।
আটক ব্যক্তিদের মধ্যে ছেঙ্গারচর পৌরসভার সাবেক কাউন্সিলর আল আমিন, উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূর নবী খান এবং যুবলীগ নেতা কামরুল হাসান রয়েছেন বলে জানা গেছে।
পুলিশের এসআই জীবন, এএসআই রবিউল ও থানার সেকেন্ড অফিসার এসআই সাদেক অভিযানটির নেতৃত্ব দেন। আটকের ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।