গাছের ডালে ফুল
মোঃ জান্নাতুল ফেরদৌস
বাংলাবাজার আমবাগানে
আমেনা ভবনের কাছে
সেখানেতে দাওয়াত সবার
কারণ কিছু আছে।
সন্ধ্যা তারা দূরনীলিমায়
জ্যোৎস্না মাখা চাঁদ
চাঁদের আলো পাখির মেলা
নেই কোথাও খাঁদ।
গাছের ডালে ফুল ফুটেছে
হঠাৎ মনে হয়
চাঁদ পরশে চড়ুই পাখি
ফুল তো তাহা নয়।
এসো বন্ধু দেখবে যদি
জোড়া পুকুরঘাট
নূরের বাগের নূর মসজিদ
উজির আলীর মাঠ।
হরেক মনের মন রসিকায়
সেথায় আমার বাস
ছড়ায় ছন্দে কবি আমি
কবিতা হৃদয় চাষ।