কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর বিশেষ অভিযানে ১ লক্ষ ৬১ হাজার টাকার চোরাচালানী মালামাল আটক করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় বিজিবির অধীনস্থ বিভিন্ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।
৩ নভেম্বর ২০২৬ তারিখে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অধীনস্থ মাদারগঞ্জ, পাখিউড়ারচর, হাজীপাড়া এবং দইখাওয়ারচর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১টি বাইসাইকেল, ৫৫৫ পিস কসমেটিকস, ১৩৫ পিস প্যান্ট পিস, ২০ কেজি চিনি এবং ৩ কেজি জিরা আটক করা হয়। জব্দকৃত এসব চোরাচালানী মালামালের মোট সিজার মূল্য ১,৬১,৮৭০/- (এক লক্ষ একষট্টি হাজার আটশত সত্তর) টাকা।
সীমান্ত এলাকার সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ দমনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।