মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বিলেরপার গ্রামের নিরীহ নারী আসমা বেগমের ওপর সন্ত্রাসী কায়দায় নৃশংস হামলার তীব্র নিন্দা এবং প্রধান অভিযুক্ত মিনারকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১৪ আগস্ট শুক্রবার বাদ এশা পীরের বাজার সংলগ্ন এলাকায় ‘সাধারণ জনগণ পীরের বাজার’-এর আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
হাতে ব্যানার ও ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেন স্থানীয় এলাকাবাসী ও সাধারণ জনতা। এ সময় তাঁরা আসমা বেগমের রক্তাক্ত মুখের ছবি প্রদর্শন করে অবিলম্বে হামলাকারী মিনারকে আইনের আওতায় আনার জোরালো দাবি জানান।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন নিরীহ নারীর ওপর এ ধরনের বর্বরোচিত হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দ্রুত সময়ের মধ্যে মূল অভিযুক্তের গ্রেপ্তার নিশ্চিত করা না হলে এলাকাবাসী আরও কঠোর এবং বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে বলে তাঁরা হুঁশিয়ারি উচ্চারণ করেন।