
গাজীপুর: নগরবাসীকে প্রাণঘাতী ডেঙ্গু রোগ থেকে সুরক্ষা দিতে এবং মশার বংশবৃদ্ধি নিয়ন্ত্রণে এক বিশেষ উদ্যোগ নিয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন। ডেঙ্গু প্রতিরোধে এখন থেকে সিটির বিভিন্ন এলাকায় প্রয়োগ করা হচ্ছে পরিবেশবান্ধব ও অধিক কার্যকর নতুন ধরনের কীটনাশক।
মশার লার্ভা ধ্বংসের এই কার্যক্রমে গতি আনতে সরাসরি ব্রাজিল থেকে আমদানি করা হয়েছে আধুনিক ও বিশেষায়িত স্প্রে মেশিন। নতুন এই প্রযুক্তি ও কীটনাশকের মাধ্যমে দ্রুত এবং নিখুঁতভাবে লার্ভার প্রজননক্ষেত্রগুলো ধ্বংস করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ।
কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়, প্রাথমিকভাবে কয়েকটি ওয়ার্ডে কার্যক্রম শুরু হলেও পর্যায়ক্রমে পুরো গাজীপুর সিটি এলাকাকেই এই বিশেষ মশা নিধন অভিযানের আওতায় আনা হবে। একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।