দেশের তৈরি পোশাকশিল্পে নতুন করে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন, কর্মবিরতি ও বিভিন্ন কারখানায় উৎপাদন বন্ধের ঘটনায় শিল্পাঞ্চলে উদ্বেগ তৈরি হয়েছে। সর্বশেষ ১৫ নভেম্বর গাজীপুরে শ্রমিক অসন্তোষের জেরে ১৩টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি আরও পাঁচটি কারখানায় এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
শ্রমিকদের দাবি কত টাকা?
শ্রমিক প্রতিনিধিরা পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছেন। অন্যদিকে মালিকপক্ষের প্রস্তাব এখনো চূড়ান্তভাবে প্রকাশিত হয়নি। সোমবার (১৬ নভেম্বর) ন্যূনতম মজুরি বোর্ডের বৈঠকে মালিকপক্ষ তাদের প্রস্তাব জমা দেওয়ার কথা জানিয়েছে।