মোঃ আরিফুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের চর চাকলা গ্রামের মরা পাগলা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ওই পাঁচ শিশু একসঙ্গে বাড়ির পাশে মরা পাগলা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে নদীর গভীর পানিতে তলিয়ে যায় তারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করলেও ততক্ষণে সবার মৃত্যু হয়। একসঙ্গে পাঁচ শিশুর এমন অকাল মৃত্যুতে পুরো চর চাকলা গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া। তবে তাৎক্ষণিকভাবে নিহত শিশুদের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত শিশুদের বিস্তারিত পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।