ঢাকা: কাফরুল এলাকার সমাজকল্যাণ সমিতির দায়িত্বশীলতা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সমিতির নিবন্ধিত লেখক এবং বার্তা সংগ্রাহক মোঃ খসরু নোমান। তার দ্রুত উদ্যোগে এবং স্বেচ্ছায় রক্তদানে অপারেশন সম্পন্ন হয়েছে শেওড়াপাড়ার গ্রীন স্পেশালিস্ট হাসপাতালে চিকিৎসাধীন এক দুর্ঘটনায় আহত রোগীর।
সূত্রে জানা যায়, সমিতির অন্যতম মালিক 'জয়'-এর এক নিকট আত্মীয় গতকাল আনুমানিক রাত ২টা ৪৫ মিনিটে সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন। স্বজনরা তাকে তাৎক্ষণিকভাবে বেগম রোকেয়া সরণির শেওড়াপাড়া মেট্রোরেল পিয়ার নম্বর ৩২৭-এ অবস্থিত গ্রীন স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি করান।
আজ জরুরি ভিত্তিতে রোগীর অপারেশনের সিদ্ধান্ত নেন চিকিৎসকবৃন্দ। তবে বিপত্তি বাঁধে বিরল ‘এবি পজিটিভ’ (AB+) রক্তের সংকট নিয়ে। বিষয়টি জানা মাত্রই মোঃ খসরু নোমান নিজস্ব সামাজিক সমিতি ও পরিচিতদের সাথে যোগাযোগ করেন এবং এক মুহূর্ত দেরি না করে নিজেই রক্ত দিতে হাসপাতালে ছুটে যান।
রক্তদান সম্পন্ন হওয়ার পর রোগীকে সফলভাবে অপারেশন থিয়েটারে স্থানান্তর করা হয়। খসরু নোমানের এই মানবিক তৎপরতা ও ত্বরিৎ পদক্ষেপের প্রশংসা করেছেন রোগীর পরিবার ও উপস্থিত স্বজনরা।
এই উদ্যোগ নিয়ে মোঃ খসরু নোমান জানান, "সমিতির একজন সদস্য হিসেবে মানুষের বিপদে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। রক্ত দিয়ে একজন মানুষের জীবন রক্ষায় সামান্য ভূমিকা রাখতে পেরে নিজেকে ধন্য মনে করছি।"