যশোরের ঝিকরগাছায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঝিকরগাছা উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জুলাই) ভোর সাড়ে ৬টায় লাউজানী আল-হেলাল কমপ্লেক্সে শুরু হওয়া এ শিক্ষা শিবির বিকেল ৪টায় সমাপ্ত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের উন্নয়ন, অবকাঠামো নির্মাণ এবং জাতীয় অগ্রগতির প্রতিটি ক্ষেত্রে শ্রমিকদের অবদান অপরিসীম। শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “অধিকার কেউ হাতে তুলে দেয় না, অধিকার আদায় করে নিতে হয়।” তিনি শ্রমিকদের গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে ন্যায্য দাবি আদায়ের আহ্বান জানান এবং শ্রমিকদের যৌক্তিক দাবির পাশে থাকার আশ্বাস দেন।
উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. আলমগীর কবীরের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. আলমগীর কবীর সবুজের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষা শিবিরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সভাপতি মো. আব্দুল মালেক খান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা সহকারী অধ্যাপক হারুন অর রশিদ এবং মো. নজরুল ইসলাম খান। উদ্বোধনী বক্তব্য দেন উপজেলা সভাপতি মো. আলমগীর কবীর। পবিত্র কোরআন থেকে দারসুল কোরআন পেশ করেন সংগঠনের উপজেলা প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুল আলীম।
দিনব্যাপী শিক্ষা শিবিরে বিভিন্ন বিষয়ে পৃথক পৃথক সেশন অনুষ্ঠিত হয়। জেলা সেক্রেটারি অধ্যাপক নুরুল আমীন ‘ইসলামী আন্দোলনের কর্মীদের কাঙ্ক্ষিত মান’ বিষয়ে আলোচনা করেন। জেলা সহ-সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম হান্নান ‘দাওয়াতি মুমিন জীবনের মিশন’ শীর্ষক আলোচনা উপস্থাপন করেন। উপজেলা পেশাজীবী সংগঠনের সভাপতি অধ্যক্ষ মাওলানা দ্বীন ইসলাম ব্যক্তিগত রিপোর্ট উপস্থাপন ও পর্যালোচনা করেন। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন জেলা উপদেষ্টা ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন। ‘জান্নাত ও জাহান্নাম মানুষের চূড়ান্ত ও অনন্তকালের নিবাস’ বিষয়ে আলোচনা করেন জেলা সভাপতি মো. আব্দুল মালেক খান। এছাড়া উপস্থিতি পর্যালোচনা করেন উপজেলা সহকারী সেক্রেটারি মো. আসমাতুল্লাহ এবং সমাপনী বক্তব্য ও মুহাসাবা পরিচালনা করেন উপজেলা সভাপতি মো. আলমগীর কবীর।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর সভাপতি আসাদুজ্জামান আসাদ, পৌর সেক্রেটারি হবিবুর রহমান তুহিন, ঝিকরগাছা ইউনিয়ন সভাপতি মিজানুর রহমান, শিমুলিয়া ইউনিয়ন সভাপতি এনামুল হক, পানিসারা ইউনিয়ন সভাপতি রফিকুল ইসলামসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন শাখার সভাপতি, সেক্রেটারি এবং বিপুলসংখ্যক নেতাকর্মী।
শিক্ষা শিবিরে অংশগ্রহণকারী কর্মীদের নিয়ে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বক্তারা বলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শুধু শ্রমিকদের অধিকার আদায়ে কাজ করে না; পাশাপাশি অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। বেকারদের কর্মসংস্থান সৃষ্টি, অসুস্থদের চিকিৎসা সহায়তা, দরিদ্র পরিবারের আর্থিক সহযোগিতাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।