ঢাকা, ২২ নভেম্বর ২০২৬:
কক্সবাজারের টেকনাফে সশস্ত্র মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথ অভিযানে নিহত সৈনিক মো. তিতাস শেখের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
রবিবার (২২ নভেম্বর) সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান নিহত ওই সেনাসদস্যের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আর্থিক সহায়তার পাশাপাশি সৈনিক তিতাস শেখের পরিবারের আবাসন সুবিধার উন্নয়নে বিদ্যমান বসতবাড়ি সংস্কারের দায়িত্বও নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এ ছাড়া তাঁর স্ত্রীর আর্থিক স্বাবলম্বিতা এবং পরিবারের দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করতে উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।
প্রসঙ্গত, গত ৫ নভেম্বর টেকনাফ উপজেলার রঙ্গীখালী এলাকায় সশস্ত্র মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান পরিচালনাকালে সন্ত্রাসীদের সঙ্গে গুলিবিনিময়ে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারান সৈনিক মো. তিতাস শেখ।