নিজস্ব প্রতিবেদক:
নগরীতে ডেঙ্গুর বিস্তার রোধ এবং সার্বিক পরিচ্ছন্নতা জোরদারে বিশেষ অভিযান শুরু করতে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় রাজধানীর বাংলামোটর রূপায়ণ টাওয়ার সংলগ্ন এলাকা থেকে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিযানের নেতৃত্ব দেবেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান।
ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডেঙ্গু মশার বংশবিস্তার রোধ ও নাগরিক স্বাস্থ্য সুরক্ষায় এই সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে।
একই সঙ্গে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই বিশেষ অভিযানের তথ্য ও চিত্র জনগণের কাছে তুলে ধরতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য ডিএসসিসির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।