রাজধানী ঢাকার দীর্ঘদিনের গণপরিবহন সংকট, যানজট ও বায়ুদূষণ কমাতে পর্যায়ক্রমে ৩ হাজার আধুনিক বৈদ্যুতিক বাস (ইলেকট্রিক বাস) চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। নতুন এই উদ্যোগ বাস্তবায়িত হলে রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে। যাত্রীসেবার মান উন্নয়ন, বাস চলাচলে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং পরিবেশদূষণ কমানোই এ পরিকল্পনার মূল লক্ষ্য।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় এ পরিকল্পনার কথা জানান সড়ক পরিবহন, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
বিশ্বব্যাংকের সহায়তায় বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্টের (বিসিএপি) আওতায় গণপরিবহন সংস্কার এবং ‘গ্রস-কস্ট’ মডেল বাস্তবায়নের বিষয়ে সভায় আলোচনা হয়।