সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে দুই পিস ইয়াবা ও একটি চায়না চাকুসহ স্মৃতি ইসলাম হাওয়া (২৯) নামের এক নারীকে আটক করেছে পুলিশ।
রোববার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মাধাইনগর ইউনিয়নের ঝুরঝুরি বাজার এলাকায় সড়কে পুলিশের চেকপোস্টে তাকে আটক করা হয়। আটক স্মৃতি ইসলাম হাওয়া রায়গঞ্জ উপজেলার সাতকুশী গ্রামের জালাল উদ্দীনের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চুরি-ছিনতাই প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিদিনের মতো রোববার রাতেও ঝুরঝুরি বাজার এলাকায় অবস্থান নেয় পুলিশের একটি দল। এ সময় দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে আসা স্মৃতি ইসলাম হাওয়াকে থামার সংকেত দেন পুলিশ সদস্যরা। তবে পুলিশের সংকেত অমান্য করে তিনি পালানোর চেষ্টা করেন। এতে পুলিশের সন্দেহ হলে ধাওয়া করে তাকে আটক করা হয়।
পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে তার শরীর তল্লাশি করে দুই পিস ইয়াবা ও একটি চায়না চাকু উদ্ধার করা হয়।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইয়াবা ও চাকুসহ এক নারীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার (১৬ নভেম্বর) তাকে আদালতে পাঠানো হবে।