পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ে ব্যবহারের অভিযোগে একটি পুরোনো মোটরসাইকেলসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ৪ নম্বর শালবাহান ইউনিয়নের বড় দলুয়াগছ এলাকায় এ অভিযান চালায় তেঁতুলিয়া মডেল থানার একটি রাত্রিকালীন মাদকবিরোধী অভিযানিক দল।
পুলিশ সূত্রে জানা যায়, শালবাহান থেকে কালান্দিগছগামী পাকা সড়কের পাশে আসামি সুখেন চন্দ্র রায়ের বাড়ির সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৬ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের কাজে ব্যবহারের অভিযোগে একটি পুরোনো মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মানিক হোসেন (৩৬), পিতা মৃত মশারফ হোসেন, মো. রাজ্জাক (২৫), পিতা মৃত ফরিদ, উভয়ের ঠিকানা বকশিপাড়া; সুখেন চন্দ্র রায় (২৮), পিতা মৃত ভবেশ চন্দ্র রায়, বড় দলুয়াগছ; এবং মোহাম্মদ সোহেল রানা (২০), পিতা মো. হালিম, সোনাকান্দর এলাকার বাসিন্দা। তাদের সবার বাড়ি তেঁতুলিয়া উপজেলায়।
পুলিশ জানায়, রাত ৩টা ৩০ মিনিটে চারজনকে গ্রেপ্তার করা হয় এবং ৩টা ৪৫ মিনিটে জব্দ তালিকার মাধ্যমে ইয়াবা ও মোটরসাইকেল জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে তেঁতুলিয়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।