
ময়মনসিংহের ত্রিশালে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মিছিলের প্রস্তুতির সময় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল বাসস্ট্যান্ড সংলগ্ন হযরত শাহজালাল হোটেলের সামনের পাকা রাস্তা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—ত্রিশাল উপজেলা শ্রমিক লীগের সদস্য কাজী শাকিলুর রহমান ওরফে কাজী শান্ত (৩৩) এবং কানিহারী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সুমন চন্দ্র দে (৪২)।
পুলিশ সূত্রে জানা গেছে, ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় আইনশৃঙ্খলার অবনতি, সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটানো ও মিছিলের প্রস্তুতি নেওয়ার অভিযোগে ঘটনাস্থল থেকে ওই দুই নেতাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এবং তাদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।