
খাগড়াছড়ির দীঘিনালা–লংগদু সড়কের বড় মেরুং স্টিল ব্রিজ সংলগ্ন এলাকায় বন্যার পানিতে সৃষ্ট সড়ক ভাঙন স্বেচ্ছাশ্রমে মেরামত করেছেন হিল আনসার ও ভিডিপি সদস্যরা।
সোমবার (২৪ আগস্ট ২০২৬) সকালে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে বড় মেরুং স্টিল ব্রিজের সংযোগ সড়কটিতে হঠাৎ ভাঙন দেখা দেয়। এতে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে এবং যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়।
পরিস্থিতি বিবেচনায় দীঘিনালা উপজেলার ১নং মেরুং ইউনিয়নের হিল ভিডিপি সদস্যরা তাৎক্ষণিকভাবে এগিয়ে আসেন। তারা নিজেদের উদ্যোগে মাটি ও অন্যান্য উপকরণ ফেলে স্বেচ্ছাশ্রমে সড়কটির ভাঙা অংশ মেরামত করে যান চলাচলের উপযোগী করে তোলেন।
ভিডিপি সদস্যদের এমন মানবিক ও জনহিতকর পদক্ষেপে দারুণ খুশি স্থানীয় বাসিন্দারা। দ্রুত সড়কটি মেরামত করায় সাধারণ মানুষ ও চালকেরা স্বস্তি প্রকাশ করার পাশাপাশি হিল ভিডিপি সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।