দীর্ঘ সাড়ে তিন দশক বা ৩৫ বছর পর আবারও এক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অনুষ্ঠিত এই নির্বাচনে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত সময়ে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ব্যালট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, ৩৪৯ জন সংসদ সদস্যের মধ্যে বিজয়ী প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর পান ২৫৫টি ভোট। অন্যদিকে, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় ঐক্যের প্রার্থী ও এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮টি ভোট।
রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণের নির্ধারিত আনুষ্ঠানিকতা এবং দলীয় বৃত্তের বাইরে এসে সাংবিধানিক পদের নিরপেক্ষতা বজায় রাখার অংশ হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগে তাঁর দীর্ঘদিনের দলীয় দায়িত্ব (বিএনপির মহাসচিব পদ) থেকে পদত্যাগ করেন।