দেশজুড়ে উদ্বেগজনক হারে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী সংক্রামক রোগ হাম। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় হামসদৃশ উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৩ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত হাম ও হামসদৃশ উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩০৪ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, মোট মৃত্যুর মধ্যে ১ হাজার ১৯৯ জনের মৃত্যু হয়েছে সন্দেহজনক হামসদৃশ উপসর্গ নিয়ে এবং পরীক্ষায় নিশ্চিত হাম আক্রান্ত হিসেবে মারা গেছেন ১০৫ জন।
একই সময়ে দেশে নতুন করে ১ হাজার ২৭১ জনের মধ্যে হামসদৃশ উপসর্গ শনাক্ত হয়েছে। পরীক্ষায় নতুন করে হাম নিশ্চিত হয়েছে ১৪৮ জনের। এ নিয়ে ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক উপসর্গের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। আর পরীক্ষায় নিশ্চিত আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ২৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, হামসদৃশ উপসর্গ নিয়ে এ পর্যন্ত ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ২ লাখ ১০ হাজার ৪০১ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
বিভাগভিত্তিক মৃত্যুর হিসাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ঢাকা বিভাগ। এ বিভাগে সন্দেহজনক হামসদৃশ উপসর্গে মৃত্যুর সংখ্যা ৫৩৫। এরপর সিলেট বিভাগে ২১৩, চট্টগ্রামে ১২০, রাজশাহী ও ময়মনসিংহে ৯৩ জন করে, বরিশালে ৭০, খুলনায় ৫৭ এবং রংপুরে ১৮ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, শিশুদের টিকাদান নিশ্চিত করা এবং আক্রান্তদের দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসার আওতায় আনা অত্যন্ত জরুরি। বিশেষ করে যেসব শিশু নিয়মিত টিকা থেকে বাদ পড়েছে, তাদের বিষয়ে অভিভাবকদের সচেতন হতে হবে।
হামের উপসর্গ দেখা দিলে শিশুকে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। নিজে থেকে ওষুধ প্রয়োগ না করে চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী চিকিৎসা নিশ্চিত করতে হবে।
জনস্বার্থে প্রশ্ন: এত বড় প্রাদুর্ভাবের পরও প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করা যাচ্ছে কি? টিকাদান কর্মসূচির বাইরে থাকা শিশুদের শনাক্ত ও সুরক্ষায় স্বাস্থ্য বিভাগের কার্যক্রম কতটা কার্যকর—এখন সেটিই বড় প্রশ্ন।
দৈনিক জনতার খবরের পক্ষ থেকে অভিভাবকদের প্রতি আহ্বান—শিশুর টিকাদান নিশ্চিত করুন, হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।