নলছিটিতে আসামি ছিনতাই:আটকের বৈধতা নিয়ে প্রন্শ রয়েছে সুশীল সমাজের।
মোঃশফিউল আলম রাশেদ। ঝালকাঠী জেলা প্রতিনিধি:
৯ নভেম্বর ২০২৬ সোমবার
ঝালকাঠির নলছিটিতে পুলিশের কাছ থেকে হাতকড়াপরা এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় এক নারীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা আদৌ ওই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন কি না, তা নিয়ে তীব্র প্রশ্ন তুলেছে স্থানীয় সুশীল সমাজ ও সাধারণ মানুষ।
মূল ঘটনার সূত্রপাত যেভাবে:
গত রবিবার (৮ নভেম্বর) দুপুর ১টার দিকে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-র নেতৃত্বে দপদপিয়া এলাকায় একটি অভিযান পরিচালিত হয়। এ সময় একাধিক মামলার আসামি ও দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সিরাজ মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ।
অভিযোগ রয়েছে, আসামিকে গ্রেপ্তারের পর আওয়ামী লীগের একটি সংঘবদ্ধ দল অতর্কিত হামলা চালিয়ে পুলিশের হাত থেকে হাতকড়াপরা সিরাজ মোল্লাকে ছিনিয়ে নিয়ে যায়। এ সময় হামলাকারীরা পুলিশের একটি গাড়ির কাচও ভাঙচুর করে। তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থল থেকে কাউকে আটক করতে না পারলেও ঘটনার দিনই নলছিটি থানায় দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ১৮৬ সহ আটটি ধারায় একটি মামলা দায়ের করে।
কাদের গ্রেপ্তার করা হলো? কার ভূমিকা নিয়ে প্রশ্ন?
ঘটনার পর পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এক নারীসহ মোট সাতজনকে গ্রেপ্তার করে। তবে গ্রেপ্তারকৃতদের পরিচয় ও উপস্থিতি নিয়ে জনমনে তৈরি হয়েছে ধোঁয়াশা।
গ্রেপ্তারকৃতদের মধ্যে শহিদুল খলিফা নামের এক ব্যক্তির বাড়ি গৌরিপাশা কাঠেরপোল এলাকায়। তিনি স্থানীয় একটি ফিড মিলে সাধারণ শ্রমিকের কাজ করেন। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিনের মতো কাজ শেষে বাড়ি ফেরার পথে রাস্তা থেকে তাঁকে তুলে নিয়ে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া গ্রেপ্তার হওয়া অন্য ব্যক্তিরা হলেন—সোহেল হাওলাদার, মিল্টন হাওলাদার, রুবেল মৃধা, রাকিব মৃধা, রাশেদ মৃধা ও সেলিনা বেগম। তাঁদের বাড়ি নলছিটি ও বরিশালের বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায়।
এ ঘটনায় স্থানীয় সচেতন মহলের প্রশ্ন—প্রকাশ্য দিবালোকে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের সময় পুলিশের ভূমিকা কী ছিল? এটি কি পুলিশের পেশাগত ব্যর্থতা, নাকি দায়িত্ব পালনে চরম গাফিলতি? এছাড়া ঘটনায় প্রকৃত আসামিদের বাদ দিয়ে নিরপরাধ সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে কি না, তা নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন তারা।
ঘটনার পর থেকে দপদপিয়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং মূল আসামিকে পুনর্দখলে বা গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
তবে এ বিষয়ে মামলার অগ্রগতি ও নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান ভুমিকা দেখার অপেক্ষা।