
পঞ্চগড়ে নাশকতা ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাতমেরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ফজলুর রহমানকে (৫৯) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটে পঞ্চগড় সদর উপজেলার দশমাইল এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ফজলুর রহমান পঞ্চগড় সদর উপজেলার দুবানুচি গ্রামের মৃত শরিফ উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, তিনি অনলাইন ও অফলাইনে সরকারবিরোধী প্রচারণা, ষড়যন্ত্রমূলক গোপন বৈঠক আয়োজন এবং রাষ্ট্রের স্থিতিশীলতা বিনষ্টের চেষ্টার সাথে জড়িত থাকার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি।
জেলা পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশ ও পঞ্চগড় সদর থানা পুলিশের একটি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে দশমাইল এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ প্রক্রিয়ায় তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, এ ঘটনায় গত ৩ জুলাই ২০২৬ তারিখে পঞ্চগড় সদর থানায় একটি মামলা (মামলা নম্বর: ০৯, জিআর নম্বর: ২৭৩/২৬) দায়ের করা হয়। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬(১)(ক)-এর (ঈ), ৮, ৯(৩), ১০, ১১, ১২ ও ১৩ ধারায় বর্তমানে তদন্তাধীন রয়েছে।