দেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের দীর্ঘদিনের মজুরি বৃদ্ধির দাবির পরিপ্রেক্ষিতে ন্যূনতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে সরকার-নিযুক্ত নিম্নতম মজুরি বোর্ড। এতে শ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়েছে ৪ হাজার ৫০০ টাকা, যা প্রায় ৩৬ শতাংশ বৃদ্ধি। বুধবার (২৫ নভেম্বর) ভোরে মজুরি বোর্ডের বৈঠকে ভোটাভুটির মাধ্যমে এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
মজুরি বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকা নির্ধারণের পক্ষে ভোট দেন। অন্যদিকে দুই সদস্য শ্রমিক প্রতিনিধিদের প্রস্তাবিত ১৮ হাজার টাকার পক্ষে অবস্থান নেন।
শ্রমিক প্রতিনিধিরা সর্বশেষ পর্যায়ে ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা দাবি করেছিলেন। অন্যদিকে মালিকপক্ষ ১৭ হাজার টাকা প্রস্তাব করে। শেষ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠ ভোটে ১৭ হাজার টাকা নির্ধারিত হয়।
নতুন মজুরি কাঠামো আগামী ১ ডিসেম্বর ২০২৬ থেকে কার্যকর হওয়ার কথা। সংশোধিত হারে শ্রমিকেরা জানুয়ারি মাসে বেতন পাওয়ার কথা রয়েছে।
দৈনিক জনতার খবরের বিশেষ পর্যবেক্ষণ এ শুধু মজুরি বৃদ্ধি করলেই পোশাকশ্রমিকদের জীবনমানের উন্নয়ন নিশ্চিত হবে না। নতুন মজুরি যথাসময়ে বাস্তবায়ন, বেতন পরিশোধে অনিয়ম বন্ধ, কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং শ্রমিকদের আবাসন ও চিকিৎসাসুবিধা নিশ্চিত করাও জরুরি।