হারারে: পরপর দুই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করে ক্রিকেট বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছেন দক্ষিণ আফ্রিকার ১৮ বছর বয়সী ব্যাটার জরিখ ভ্যান স্কালভিক। হারারেতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে যুব ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ডাবল সেঞ্চুরি করার অনন্য কৃতিত্ব অর্জন করেছেন তিনি।
ঐতিহাসিক ইনিংস:এই ম্যাচে স্কালভিক ১৫৩ বলে ২১৫ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন, যা ১৯টি চার ও ৬টি ছক্কায় সাজানো ছিল। এর মাধ্যমে তিনি শ্রীলঙ্কার হাসিথা বোয়াগোদার ২০১৮ সালে কেনিয়ার বিপক্ষে করা ১৯১ রানের রেকর্ড ভেঙে দেন। এতদিন পর্যন্ত এটিই ছিল যুব ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস।
ম্যাচের বিবরণ:টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে স্কালভিকের এই অসাধারণ ইনিংসের ওপর ভর করে দক্ষিণ আফ্রিকা ৪ উইকেট হারিয়ে ৩৮৫ রানের বিশাল স্কোর সংগ্রহ করে, যা যুব ওয়ানডেতে তাদের দলীয় সর্বোচ্চ রানের নতুন রেকর্ড। ৪৮ বলে ফিফটি, ৮৬ বলে সেঞ্চুরি এবং ১২২ বলে দেড়শ রান পূর্ণ করার পর মাত্র ২৩ বলে ডাবল সেঞ্চুরিতে পৌঁছান এই তরুণ তুর্কি।
জবাবে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে মাত্র ১১০ রানে অলআউট হয়ে যায়। ফলে দক্ষিণ আফ্রিকা ২৭৮ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করে। প্রোটিয়াদের পক্ষে ইনাথি খিটশিনি সর্বোচ্চ ৪টি উইকেট নেন।
ধারাবাহিক নৈপুণ্য:জিম্বাবুয়ের বিপক্ষে এই ঐতিহাসিক ইনিংসের মাত্র তিন দিন আগে, স্কালভিক বাংলাদেশের বিপক্ষেও একটি অসাধারণ ইনিংস খেলেছিলেন। বেনোনিতে অনুষ্ঠিত সেই ম্যাচে তিনি অপরাজিত ১৬৪ রান করেছিলেন। আলোক স্বল্পতার কারণে ম্যাচটি আগে শেষ না হলে সেদিনও তার সামনে ডাবল সেঞ্চুরির সুযোগ ছিল।
অভিষেক ও প্রত্যাবর্তন:উল্লেখ্য, প্রায় এক সপ্তাহ আগে অনূর্ধ্ব-১৯ দলে অভিষেক ম্যাচে ৯ বলে শূন্য রানে আউট হয়েছিলেন স্কালভিক। কিন্তু পরের দুই ম্যাচেই বিধ্বংসী ব্যাটিং করে নিজের জাত চিনিয়েছেন এই প্রতিভাবান ডানহাতি ব্যাটার।