
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বাগান বাজার এলাকায় বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে ফেনী নদীতে ডুবে সাইমন (১৩) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর করুণ মৃত্যু হয়েছে।
আজ ২০ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে ফেনী নদীর পানুয়া অংশের অফিসটিলা সীমান্ত সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইমন উপজেলার করালিয়া তাকিয়া ইসলামপুর এলাকার সাদেক মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসা বন্ধ থাকায় সাইমন সকালে বন্ধুদের সাথে বাগান বাজার এলাকায় ঘুরতে যায়। ঘুরাঘুরির একপর্যায়ে ফেনী নদীর পানিতে নামলে সে হঠাৎ তলিয়ে যায়। পরে সহপাঠী ও স্থানীয়দের চেষ্টায় তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।
এদিকে সাইমনের মর্মান্তিক মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে পরিবার, স্বজন ও সহপাঠীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে। একমাত্র সন্তানকে হারিয়ে বাবা সাদেক মিয়াসহ স্বজনদের কান্না ও আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।