ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ২ কেজি ২০০ গ্রাম গাঁজা ও মোটরসাইকেল জব্দ।
কুড়িগ্রামের ফুলবাড়ীতে অভিযান চালিয়ে ২ কেজি ২০০ গ্রাম ভারতীয় গাঁজা ও একটি মোটরসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২২ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার কদমতলী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী চলমান বিশেষ অভিযান ‘অপারেশন নারকোটিকস স্ট্রাইক’-এর অংশ হিসেবে অনন্তপুর বিওপির আওতাধীন কদমতলী এলাকায় অভিযান চালানো হয়।
বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পূর্বপরিকল্পনা অনুযায়ী ওই এলাকায় আকস্মিক চেকপোস্ট স্থাপন করে বিজিবির একটি টহলদল। এ সময় তল্লাশি চালিয়ে ২ কেজি ২০০ গ্রাম ভারতীয় গাঁজা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দ করা গাঁজা ও মোটরসাইকেলের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৭ হাজার ৭০০ টাকা।
বিজিবি আরও জানায়, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি জব্দ করা মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। সীমান্ত দিয়ে মাদক পাচার,চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিহত করতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।