
দিনাজপুরের ফুলবাড়ীতে যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে এবং সুস্থ বিনোদনের ছোঁয়ায় ভাসাতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)। বিজিবির ২৯ ব্যাটালিয়নের অধীনস্থ বড়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে তরুণ ও যুবকদের মাদকমুক্ত রাখা এবং খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার লক্ষ্যে বিশেষ সচেতনতামূলক কার্যক্রম ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সচেতনতামূলক বক্তব্য দেন ও তরুণদের হাতে খেলাধুলার সামগ্রী তুলে দেন ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি।
বক্তব্যে বিজিবি অধিনায়ক বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার যুবসমাজকে মাদকমুক্ত রাখা ও সঠিক পথে পরিচালিত করা বিজিবির অন্যতম লক্ষ্য। খেলাধুলা তরুণ সমাজকে অপরাধ ও মাদকমুক্ত রেখে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে কার্যকরী ভূমিকা পালন করে। একটি সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে তিনি স্থানীয় অভিভাবক, শিক্ষক ও সমাজের সর্বস্তরের মানুষকে একসাথে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিজিবির কর্মকর্তা, বড়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং এলাকার বিপুল সংখ্যক যুবক উপস্থিত ছিলেন। আয়োজন শেষে স্থানীয় কিশোর ও যুবকদের মাঝে বিভিন্ন ধরনের খেলাধুলার সামগ্রী হস্তান্তর করা হয়।