ভূরুঙ্গামারীতে জমকালো আয়োজনে রাত্রিকালীন হাডুডু খেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা এলাকায় জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী রাত্রিকালীন হাডুডু খেলা। সোমবার রাতে আয়োজিত এ খেলায় ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। খেলা উপভোগ করতে বিভিন্ন বয়সী শত শত দর্শকের সমাগম ঘটে।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়েকোবাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু ও যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব।
এছাড়াও উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির সদস্য সচিব শহীদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াদুদ, উপজেলা যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম শান্তসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, হাডুডু গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলা। এ ধরনের আয়োজনের মাধ্যমে গ্রামীণ সংস্কৃতি ও খেলাধুলার ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখা সম্ভব। তাঁরা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।