আজিজুল হাকিম তুহিন, বিশেষ প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়া পৌরসভার তরছঘাট পয়েন্টে মাতামুহুরী নদী থেকে অনুমোদনহীনভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে নদীতে স্থাপন করা বালু উত্তোলনের একটি সেলোমেশিন গুঁড়িয়ে ধ্বংস করা হয়েছে।
সোমবার বিকেলে চকরিয়া উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. শফিউল আলম।
স্থানীয় সূত্রে জানা যায়, তরছঘাট পয়েন্টে দীর্ঘদিন ধরে নদী থেকে সেলোমেশিনের মাধ্যমে বালু উত্তোলন করা হচ্ছিল। এতে নদীর তলদেশের স্বাভাবিক গঠন পরিবর্তনের পাশাপাশি নদীভাঙন ও পরিবেশগত ঝুঁকি বাড়ার আশঙ্কা তৈরি হয়। বিষয়টি প্রশাসনের নজরে এলে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে নদীতে স্থাপন করা বালু উত্তোলনের মেশিনটি চিহ্নিত করে গুঁড়িয়ে দেওয়া হয়। প্রশাসনের এমন পদক্ষেপে স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, নদী থেকে অপরিকল্পিত ও অবৈধভাবে বালু উত্তোলন করা হলে একদিকে নদীর স্বাভাবিক গতিপথ ও নাব্যতা ক্ষতিগ্রস্ত হয়, অন্যদিকে নদীর তীরবর্তী বসতি, সড়ক ও কৃষিজমি ভাঙনের ঝুঁকিতে পড়ে। ফলে শুধু বালু উত্তোলন বন্ধ করাই নয়, এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
প্রশাসন বলছে, সরকারি অনুমোদন ও আইনগত প্রক্রিয়া অনুসরণ না করে নদী থেকে বালু উত্তোলনের সুযোগ নেই। অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
চকরিয়া উপজেলা প্রশাসনের এই অভিযানকে স্থানীয়রা ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখলেও তাদের প্রশ্ন—অভিযানের পর তরছঘাটসহ মাতামুহুরী নদীর অন্যান্য পয়েন্টে অবৈধ বালু উত্তোলন পুরোপুরি বন্ধ থাকবে তো? নিয়মিত নজরদারি ও কঠোর প্রশাসনিক পদক্ষেপের মাধ্যমেই এর জবাব মিলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।