শুধু উচ্চশিক্ষা বা সনদ অর্জন করলেই একজন মানুষ প্রকৃত শিক্ষিত হয়ে ওঠেন না। অর্জিত শিক্ষা ও জ্ঞান যদি মানুষের কল্যাণে কাজে না আসে, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা তৈরি না হয়, তাহলে সেই শিক্ষার প্রকৃত সার্থকতা থাকে না। শিক্ষার পাশাপাশি মানবিক মূল্যবোধ, দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) কর্ণফুলী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত ‘কর্ণফুলী বিতর্ক উৎসব-২০২৬’-এর চূড়ান্ত পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞানে সীমাবদ্ধ থাকলে হবে না। প্রযুক্তি, উদ্ভাবন ও পরিবর্তিত কর্মক্ষেত্র সম্পর্কে ধারণা অর্জনের পাশাপাশি নিজেদের দক্ষতা বাড়াতে হবে। আত্মবিশ্বাস, অধ্যবসায় ও সুনির্দিষ্ট লক্ষ্য থাকলে তরুণেরা আন্তর্জাতিক পর্যায়েও নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারবে।
তিনি আরও বলেন, দেশের সবচেয়ে বড় শক্তি মেধাবী তরুণ প্রজন্ম। তাদের সৃজনশীলতা বিকাশে বিতর্ক, গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমের সুযোগ বাড়াতে হবে। শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
উপজেলার ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে অনুষ্ঠিত এ বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ‘মেধা পাচার রোধে শিক্ষাব্যবস্থার সংস্কারের চেয়ে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো অধিক ফলপ্রসূ’ বিষয় নিয়ে বিতর্ক অনুষ্ঠিত হয়। এতে দৌলতপুর বহুমুখী উচ্চবিদ্যালয় বিজয়ী এবং আজিম-হাকিম স্কুল ও কলেজ রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিদুয়ানুল ইসলাম। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের বাইরে জেলা প্রশাসক উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় নাগরিক সেবা প্রদানে কোনো ধরনের অবহেলা না করা এবং নির্ধারিত সময়ের মধ্যে দাপ্তরিক কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। পরে উপজেলা ভূমি অফিস পরিদর্শন করে নামজারি ও ভূমিসেবা কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। ভূমিসেবা নিতে আসা মানুষের ভোগান্তি কমাতে নিয়মিত বিবিধ মামলার শুনানি গ্রহণেরও নির্দেশনা দেন তিনি।
দিনের শেষ পর্যায়ে চরলক্ষ্যা ইউনিয়ন উচ্চবিদ্যালয়ে একটি পাঠাগার উদ্বোধন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক।