হবিগঞ্জের লাখাই উপজেলায় এক মানবিক ও অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। ৩নং মুড়িয়াউক ইউনিয়নের তেঘরিয়া গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর হাজী মোঃ মোখলেছুর রহমান এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। তার এই উদ্যোগে মো. আলামিন নামের এক শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি একটি নতুন হুইলচেয়ার পেয়েছেন।
উপজেলার ২নং মোড়াকরি ইউনিয়ন বাজারে ওয়ালটন শোরুমের প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। অত্যন্ত আনন্দঘন ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে এই মানবিক কার্যক্রম সম্পন্ন হয়।
হুইলচেয়ারটি হাতে পাওয়ার পর আবেগাপ্লুত হয়ে পড়েন উপকারভোগী মো. আলামিন। হুইলচেয়ার ছাড়া চলাফেরা করা তার জন্য অত্যন্ত কষ্টকর ছিল। এই উপহার পাওয়ার পর তিনি হাজী মোঃ মোখলেছুর রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীন সাফল্য কামনা করে দোয়া করেন।
উপস্থিত এলাকাবাসীর উদ্দেশ্যে দানবীর হাজী মোঃ মোখলেছুর রহমান তার বক্তব্যে বলেন, মানুষের সেবা করার মধ্যে যে আত্মিক শান্তি রয়েছে, তা অন্য কিছুতে পাওয়া সম্ভব নয়। আমি কোনো ব্যক্তিগত স্বার্থ বা উদ্দেশ্য নিয়ে লাখাইয়ের মানুষের পাশে দাঁড়াইনি। আজীবন সাধারণ মানুষের সুখে-দুঃখে তাদের পাশে থাকতে চাই এবং সাধ্যমত মানুষের কল্যাণ করতে চাই। এ সময় তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩নং মুড়িয়াউক ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া, সমর্থন ও ভালোবাসা কামনা করেন।
স্থানীয় সচেতন নাগরিক ও এলাকাবাসী এই মানবিক উদ্যোগকে অত্যন্ত সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, হাজী মোঃ মোখলেছুর রহমানের মতো দানশীল ও মানবিক গুণসম্পন্ন ব্যক্তিরাই সমাজে প্রকৃত দৃষ্টান্ত স্থাপন করেন। এ ধরনের মহৎ কাজ সমাজের বিত্তবানদের জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসতে উৎসাহিত করে।