মুখে ঐক্যের কথা না বলে বাস্তবে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের মাধ্যমে সংবিধান সংস্কারের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকা মহানগরী উত্তরের কার্যালয়ে ভাটারা থানা জামায়াত আয়োজিত এক দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের এই মেয়রপ্রার্থী বলেন, "জামায়াত সবসময় জনগণের কল্যাণে কাজ করেছে এবং আগামীতেও কাজ করে যাবে। জনগণ জামায়াতের ওপর যে আস্থা রেখেছে, সেই আস্থার জায়গা থেকে জনগণের ন্যায্য অধিকার আদায়ে আমরা সবসময় লড়াই চালিয়ে যাব।"
দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সেলিম উদ্দিন বলেন, দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনায় প্রশাসনের নীরবতা সাধারণ মানুষের মধ্যে উৎকণ্ঠা সৃষ্টি করছে। বিভিন্ন স্থানে বাস, গাড়ি ও ট্রেনে অগ্নিসংযোগ ও হামলার পাশাপাশি গণঅভ্যুত্থানের ‘জুলাই যোদ্ধাদের’ বাড়িঘরেও আগুন দেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
বর্তমান পরিস্থিতিতে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরে জামায়াতের এই নেতা আরও বলেন, পতিত স্বৈরাচারের দোসরদের বিরুদ্ধে জুলাইয়ের চেতনায় জনঐক্য গড়ে তোলা এখন সরকারের সবচেয়ে বড় প্রয়োজন। আর সেই ঐক্য বাস্তবায়িত হতে হবে জুলাই সনদ কার্যকরের মধ্য দিয়ে। সরকার জুলাই সনদ বাস্তবায়ন করলে পতিত স্বৈরাচারের দোসররা এভাবে মাথাচাড়া দিয়ে উঠতে পারত না বলেও মন্তব্য করেন তিনি।
ভাটারা থানা আমীর অ্যাডভোকেট রেজাউল করিমের সভাপতিত্বে সমাবেশে স্থানীয় পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।