মেহেরপুরের মুজিবনগরে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ মো. সাকিব হোসেনকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৬০ লাখ ৩০ হাজার টাকা জরিমানার সাজাসহ গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ১টা ৪৫ মিনিটের দিকে মুজিবনগর উপজেলার ভবানীপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার সাকিব হোসেন ভবানীপুর গ্রামের ইনামুল হক শেখের ছেলে।
পুলিশের প্রেস রিলিজে যানায়, সাকিব হোসেন মুজিবনগর থানার একটি নিয়মিত মামলার সন্দিগ্ধ পলাতক আসামি। তাঁর বিরুদ্ধে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৬০ লাখ ৩০ হাজার টাকা জরিমানার সাজা রয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।