মুরাদনগরসহ তিন উপজেলায় ড্রোন আতঙ্কে নির্ঘুম রাত, গ্রেপ্তার নিয়ে নতুন গুজব
মুরাদনগর, বাঙ্গরা ও দেবিদ্বারের বিভিন্ন গ্রামের মানুষের মধ্যে উদ্বেগ, সামাজিক যোগাযোগমাধ্যমে ডাকাতির গুজব ছড়ানোয় আতঙ্ক আরও বেড়েছে।
কুমিল্লার মুরাদনগর, বাঙ্গরা ও দেবিদ্বার উপজেলার বিভিন্ন গ্রামের মানুষের মধ্যে ড্রোন আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাতের আকাশে ড্রোন উড়তে দেখার খবর এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ডাকাতির গুজব ছড়িয়ে পড়ায় নির্ঘুম রাত কাটাচ্ছেন অনেক বাসিন্দা।
বুধবার (২৫ নভেম্বর) রাতে তিন উপজেলার বিভিন্ন এলাকায় আকাশে ড্রোন উড়তে দেখার খবর ছড়িয়ে পড়ে। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন গ্রামে ড্রোন ব্যবহার করে ডাকাতি হচ্ছে বলে একাধিক পোস্ট ছড়িয়ে দেওয়া হয়। এতে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক আরও বেড়ে যায়।
তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, ড্রোন আতঙ্ক ও ডাকাতির বিষয়ে ছড়িয়ে পড়া তথ্য গুজব। বাঙ্গরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিউল আলম জানান, পুরো নভেম্বর মাসে বাঙ্গরা থানার আওতাধীন এলাকায় কোনো ডাকাতির ঘটনা ঘটেনি।
এদিকে বৃহস্পতিবার বিকেলে ফেসবুকে ডাকাতির গুজব ছড়ানোর অভিযোগে বাঙ্গরা থানায় এক যুবককে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ে। তবে অনুসন্ধানে জানা যায়, ওই যুবককে গুজব ছড়ানোর অভিযোগে নয়, বরং তিন দিন আগে অন্য একটি অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। ফলে গ্রেপ্তারের বিষয়টি নিয়েও নতুন করে বিভ্রান্তি সৃষ্টি হয়।
মুরাদনগর উপজেলার কামাল্লা ইউনিয়নের নেয়ামতপুর গ্রামের বাসিন্দা সবুজ মিয়া জানান, রাত হলেই মাইকিং করে ডাকাতির আতঙ্ক ছড়ানো হচ্ছে। পাশাপাশি বিভিন্ন মানুষ ড্রোন উড়তে দেখার দাবি করছেন। এতে গ্রামের সাধারণ মানুষের মধ্যে ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। এমন আতঙ্কের কারণে যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
স্থানীয় বাসিন্দারা সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে রাতের বেলায় পুলিশি টহল জোরদার, সন্দেহজনক কর্মকাণ্ডের যথাযথ তদন্ত এবং প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত সচেতনতামূলক প্রচারণা চালানোর দাবি জানিয়েছেন।
এদিকে যাচাই-বাছাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো সংবাদ বা তথ্য ছড়িয়ে না দেওয়ার আহ্বান জানিয়েছেন সচেতন মহল। তাদের মতে, গুজব ও অযথা আতঙ্কের কারণে যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।