
গাজীপুরের শ্রীপুরে সন্ত্রাসবিরোধী আইনে পুলিশের করা একটি মামলায় মৃত্যুর প্রায় দুই বছর পর দুই সাবেক জনপ্রতিনিধিকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে তাদের নাম দেখে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) শ্রীপুর থানার এসআই মো. মোশাররফ হোসেন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করেন। মামলায় মোট ১১১ জনকে আসামি করা হয়েছে। তালিকায় ৯১ নম্বরে রয়েছেন শ্রীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর মো. আলী আজগর এবং ১০৪ নম্বরে গাজীপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. ইদ্রিস আলী।
পরিবার সূত্রে জানা যায়, আলী আজগর শ্রীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। তিনি ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর মারা যান। তার বাড়ি পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামে।
অন্যদিকে গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামের বাসিন্দা ইদ্রিস আলী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। তিনি ২০২৪ সালের ২ ডিসেম্বর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পুলিশের করা মামলার এজাহারে বলা হয়েছে, গত ২৩ নভেম্বর শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের রঙিলা বাজার এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ড চালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করেন। এ ঘটনায় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিলকে প্রধান আসামি করে ১১১ জনের বিরুদ্ধে মামলা করা হয়।
তবে মামলার আসামির তালিকায় দুই মৃত জনপ্রতিনিধির নাম থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন তাদের স্বজনরা।
ইদ্রিস আলীর স্ত্রী বলেন, ‘মৃত মানুষকে কীভাবে মামলার আসামি করা হলো? এবার কবর থেকে তুলে এনে আমার স্বামীকে ফাঁসি দেওয়া হোক।’
ইদ্রিস আলীর ভাই ও স্কুলশিক্ষক মোক্তার হোসেন বলেন, তার ভাই ২০২৪ সালেই মারা গেছেন। মৃত্যুর পরও তাকে সন্ত্রাসী কর্মকাণ্ডের মামলায় আসামি করা হয়েছে—বিষয়টি পরিবারের জন্য অত্যন্ত কষ্টদায়ক।
তিনি বলেন, একজন মৃত ব্যক্তি কীভাবে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে অংশ নিতে পারেন, সেটিই তাদের বোধগম্য হচ্ছে না।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম বলেন, মামলায় আসামির সংখ্যা অনেক। কীভাবে মৃত দুই ব্যক্তির নাম আসামির তালিকায় এসেছে, তা যাচাই করে দেখা হচ্ছে। আইন অনুযায়ী মামলার নথি থেকে তাদের নাম বাদ দেওয়া হবে।