
জামালপুরের মেলান্দহে বাংলাদেশ ব্যাংকের ‘মৎস্য ও প্রাণিসম্পদ ঋণ কর্মসূচি ২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) কর্মসংস্থান ব্যাংকের মেলান্দহ শাখায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আটজন নতুন উদ্যোক্তার মাঝে দুই লাখ টাকা করে মোট ১৬ লাখ টাকার ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়।
ঋণপ্রাপ্ত আটজন উপকারভোগীর মধ্যে ছয়জন পুরুষ উদ্যোক্তা এবং দুইজন নারী উদ্যোক্তা রয়েছেন।
কর্মসংস্থান ব্যাংক মেলান্দহ শাখার ব্যবস্থাপক (এসপিও) মোঃ আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আশিকুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ আশিকুর রহমান তাকে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য কর্মসংস্থান ব্যাংক মেলান্দহ শাখার ব্যবস্থাপক মোঃ আনিছুর রহমানকে ধন্যবাদ জানান। একইসঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে এমন সময়োপযোগী উদ্যোগ গ্রহণ এবং আজ সারাদেশের ২৯০টি শাখায় একযোগে এই ক্ষুদ্র ঋণ বিতরণ কর্মসূচি বাস্তবায়নের জন্য তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই ক্ষুদ্র ঋণের অর্থ সঠিকভাবে কাজে লাগিয়ে নতুন উদ্যোক্তারা নিজেরা স্বাবলম্বী হবেন এবং এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়ে গ্রামীণ অর্থনীতি আরও গতিশীল হবে।
উদ্বোধনী ও ঋণ বিতরণ অনুষ্ঠানে শাখার কর্মকর্তা-কর্মচারী, ঋণগ্রহীতা উদ্যোক্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।