মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুর সদর উপজেলার খোকশা মল্লিকপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজা ও একটি পাখিভ্যানসহ দুই মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন— মেহেরপুরের আকছেদ আলী (৫৭) ও আওয়াল (৬৫)।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খোকশা মল্লিকপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আকছেদ ও আওয়ালের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে তাদের হেফাজতে থাকা ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত পাখিভ্যানটি জব্দ করা হয়।
উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ও ঘটনার নেপথ্যে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।