পবিত্র মাহে রবিউল আউয়াল শরীফের শুভাগমন উপলক্ষে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত তৈয়বিয়া নজরিয়া সুন্নিয়া মাদ্রাসার উদ্যোগে এক বর্ণাঢ্য স্বাগত র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) সকাল ৮টায় মাদ্রাসা প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়। এতে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন। পবিত্র মাহে রবিউল আউয়ালের আগমনকে স্বাগত জানিয়ে পুরো র্যালিতে সৃষ্টি হয় উৎসবমুখর ও ধর্মীয় আবহ।
র্যালিতে অংশগ্রহণকারীরা প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করেন। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়।
পরে আয়োজিত আলোচনা সভায় পবিত্র মাহে রবিউল আউয়ালের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন উপস্থিত আলেম-ওলামা ও অতিথিরা। বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, চরিত্র ও সুন্নাহ অনুসরণ করে জীবন পরিচালনা করাই একজন মুসলমানের প্রধান দায়িত্ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ও আদর্শ সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান পৃষ্ঠপোষক ও সহ-সভাপতি জনাব শাহাব আহমেদ, ৫ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য; মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জনাব আসাদুজ্জামান কায়সার; ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব সোলায়মান; জনাব রুহুল আমিন, জিয়াউর রহমান, মুহাম্মদ মুনছুর উদ্দিন ও এরশাদ আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন শাহী জামে মসজিদের খতিব মাওলানা লোকমান কাদেরী, মাওলানা মোর্শেদুল আলম আলকাদেরী, মাওলানা মান্নান, মাওলানা ইছহাক, জনাব খোরশেদ, হাজী দৌলত খাঁন, গাউছিয়া কমিটি এরশাদ আলী শাহী জামে মসজিদের সাধারণ সম্পাদক মোঃ ইয়াকুব এবং গাউছিয়া কমিটি দক্ষিণ শিকলবাহার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা পবিত্র রবিউল আউয়াল মাসের তাৎপর্য তুলে ধরে সবাইকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ অনুসরণের আহ্বান জানান।
সবশেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং সমগ্র বিশ্বের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন তৈয়বিয়া নজরিয়া সুন্নিয়া মাদ্রাসার সুপার মাওলানা নূর মিয়া কাদেরী।