
প্রতিবছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সরকারিভাবে সাধারণ ছুটি ও বিভিন্ন কর্মসূচি পালিত হলেও সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় দিবসটি পালনের কোনো বালাই দেখা যায়নি। এমনকি নির্ধারিত নিয়মানুযায়ী প্রতিষ্ঠানে জাতীয় পতাকাও উত্তোলন করা হয়নি।
সকাল ১১টার দিকে সরেজমিন ওই প্রতিষ্ঠানে গেলে এমন চিত্র দেখা যায়। জাতীয় একটি গুরুত্বপূর্ণ দিবসে শিক্ষাপ্রতিষ্ঠানটিতে পতাকা না ওড়ানোর ঘটনায় এলাকায় স্থানীয় মহলে অসন্তোষ দেখা দিয়েছে।
এ বিষয়ে মাদ্রাসার সহকারী শিক্ষিকা শাহিনুর বেগমের কাছে জানতে চাইলে তিনি জানান, "আজ ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’—এ ব্যাপারে আমি কিছুই জানি না।" তিনি আরও বলেন, যেহেতু মাদ্রাসাটি এখনও এমপিওভুক্ত (MPO) হয়নি, তাই কোনো দিবসের প্রতি তেমন একটা আগ্রহ নেই এবং মাদ্রাসাটি বেশিরভাগ সময়ই বন্ধ থাকে।
অন্যদিকে, মাদ্রাসার সুপার আব্দুল হাইয়ের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, "আমি জানি আজ যেন কোনো একটি দিবস, কিন্তু এটি যে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, তা আমি জানি না। আমাদের প্রতিষ্ঠানে কোনো বেতন-ভাতা নেই, তাই দিবসগুলোর দিনে তেমন কোন গুরুত্ব দেওয়া হয় না।"
জাতীয় গুরুত্বপূর্ণ দিবসে দায়িত্বশীল শিক্ষকদের এমন উদাসীনতা এবং সরকারি নির্দেশ অমান্য করে পতাকা উত্তোলন না করার ঘটনায় স্থানীয় সচেতন মহল তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।