যশোরের শার্শায় উপজেলা বিএনপির উদ্যোগে সাংগঠনিক মতবিনিময় সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) বিকেল ৪টায় শার্শা উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহিরের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন।
সভায় উপজেলা বিএনপির সহসভাপতি কুদ্দুস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, যুগ্ম সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস ও তাজউদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু ও সালাউদ্দিন উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ জোহা সেলিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রিপন, সদস্যসচিব সেলিম হোসেন আশা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন ও সদস্যসচিব সবুজ হোসেন খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। উপজেলার ১১টি ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন কমিটির সুপার ফাইভের নেতারাও সভায় উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য দিতে গিয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, চলমান নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে তিনি বেনাপোল সীমান্ত দিয়ে শেখ হাসিনার বাংলাদেশে আসার ঘোষণার প্রসঙ্গ তুলে ধরে এ বিষয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার কথা বলেন। এ সময় তিনি কেউ বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রবেশের চেষ্টা করলে প্রতিরোধের কথাও উল্লেখ করেন।
সভায় শার্শা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে সমন্বয় ও ঐক্য জোরদার এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলীয় সাংগঠনিক অবস্থান সুসংহত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
সভায় অংশগ্রহণকারী নেতারা সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে পারস্পরিক যোগাযোগ, সমন্বয় ও ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।