গাজীপুরের শ্রীপুরে একটি তালাবদ্ধ ঘর থেকে শাহীন হোসেন (৩২) নামে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক সাবেক নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, এক নারীর সঙ্গে সম্পর্কের জেরে তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত নারীকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (২ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকায় মো. দুলাল মিয়ার বহুতল ভবনের চতুর্থ তলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শাহীন হোসেন রাজাবাড়ি ইউনিয়নের নয়াগাঁও গ্রামের মো. রতন মিয়ার ছেলে। তিনি ওই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
নিহতের বড় ভাই আজাহার আহমেদ জানান, আমেনা খাতুন নামে এক নারীর সঙ্গে শাহীনের সম্পর্ক নিয়ে তাঁদের পরিবারে সমস্যা তৈরি হয়েছিল। এ ঘটনার পর প্রায় পাঁচ মাস ধরে শাহীন বাড়ির বাইরে ছিলেন এবং পরিবারের সঙ্গে তাঁর যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।
আজাহার আহমেদের ভাষ্য অনুযায়ী, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে শাহীনের বন্ধু আলমগীর তাঁকে ফোন করে ছোট ভাইয়ের খোঁজ নিতে বলেন। পরে ওই বন্ধু শাহীনকে হত্যা করা হয়েছে বলে জানান। এরপর পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কক্ষটি তালাবদ্ধ দেখতে পান। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষের তালা ভেঙে খাটের ওপর শাহীনের মরদেহ দেখতে পায়। নিহতের গলায় আঘাতের চিহ্ন ছিল বলে দাবি করেছেন তাঁর বড় ভাই। তাঁর পরিবারের ধারণা, কোনো ধরনের শক্ত জিআই তার দিয়ে শ্বাসরোধ করে শাহীনকে হত্যা করা হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। কক্ষটি তালাবদ্ধ ছিল। প্রাথমিকভাবে শ্বাসরোধে হত্যার ধারণা করা হচ্ছে। অভিযুক্ত নারীকে আটকের চেষ্টা চলছে।
ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।
মারজুক সোহাগ শ্রীপুর গাজীপুর ।