২৮ অক্টোবর ২০২৬
বিগত ১৭ বছরে ঘটে যাওয়া নির্যাতন, গুম ও হত্যাকাণ্ডের শিকার ব্যক্তি এবং শহিদ পরিবারের অধিকার রক্ষায় সংবিধান সংশোধনের জোর দাবি জানানো হয়েছে। আজ জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত 'সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির' ৯ম বৈঠকে গুমের শিকার ব্যক্তিদের পরিবার ও শহিদ পরিবারের প্রতিনিধিরা এ দাবি জানান।
জাতীয় সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে আলোচিত মূল দাবিসমূহ:
গুম প্রতিরোধে সাংবিধানিক আইনি সুরক্ষা: ভবিষ্যতে যেন কোনো নাগরিক গুমের শিকার না হন, সে জন্য সংবিধানে সুস্পষ্ট ও কার্যকর ধারা যুক্ত করা।
বিচারব্যবস্থা শক্তিশালীকরণ: অগ্রাধিকার ভিত্তিতে ভুক্তভোগী ও শহিদ পরিবারগুলোর ন্যায়বিচার নিশ্চিত করা।
রাষ্ট্রীয় স্বীকৃতি ও পুনর্বাসন: গুমের শিকার ব্যক্তিদের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেওয়া এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পূর্ণাঙ্গ পুনর্বাসনের ব্যবস্থা করা।
বৈঠকে গুম ও নির্যাতনের শিকার পরিবারের সদস্য হিসেবে সংসদ সদস্য সানজিদা ইসলাম, হুমাম কাদের চৌধুরী, আনিছুর রহমান এবং মোছাঃ তাহসিনা রুশদী নিজেদের করুণ অভিজ্ঞতা ও দীর্ঘদিন ধরে আইনগত সুরক্ষা থেকে বঞ্চিত হওয়ার কথা তুলে ধরেন। এ ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংবিধানে কাঠামোগত পরিবর্তনের ওপর তাঁরা বিশেষ গুরুত্বারোপ করেন।
কমিটির সদস্য হিসেবে বৈঠকে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান, জয়নুল আবেদীন, তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মোঃ নূরুল হক এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন।
এছাড়াও বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।