মোঃ ইব্রাহিম খলিল রুবেল বরিশাল প্রতিনিধ
দৈনিক যুগান্তরের বরিশাল ব্যুরো প্রধান ও প্রবীণ সাংবাদিক আক্তার ফারুক শাহীন ভাইয়ের ওপর ন্যক্কারজনক হামলার ঘটনা ঘটেছে। চরবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সায়েম শরীফের ছেলে সৈকত ও তার সহযোগীরা এই পৈশাচিক হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। একজন পেশাদার ও বরেণ্য সাংবাদিকের ওপর এ ধরনের সশস্ত্র হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বরিশাল জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি।
আজ রবিবার (১৬ আগস্ট) এক বিবৃতিতে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে কিংবা সামাজিক অবস্থান থেকে একজন জ্যেষ্ঠ সাংবাদিকের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। হামলাকারী ও এর নেপথ্যে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।
সাংবাদিক নেতৃবৃন্দ অবিলম্বে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে সৈকত ও তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানান। একইসঙ্গে দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতন বন্ধে এবং সংবাদকর্মীদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন তারা।