
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) এক বিশেষ অভিযানে ০১ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। শনিবার (২৭ জুন) রাতে নগরীর কোতয়ালী মডেল থানাধীন রূপাতলী এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিএমপি মিডিয়া সেল সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৮:৩০ ঘটিকায় ডিবি পুলিশের একটি বিশেষ আভিযানিক টিম রূপাতলীর শেরেবাংলা সড়ক এলাকায় এই অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ওই এলাকায় তল্লাশি চালিয়ে কোহিনুর বেগম (৩৫) নামের এক নারীর হেফাজত থেকে ০১ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থলেই তাকে আটক করা হয়।
ডিবি পুলিশ জানায়, আটককৃত কোহিনুর বেগমের বিরুদ্ধে পূর্বেও মাদক সংক্রান্ত আরও ০৪টি মামলা বিচারাধীন রয়েছে। সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে।
এই ঘটনায় ধৃত অভিযুক্তের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।