২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০
বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে ২০২৭ সালের পবিত্র হজ পালনের আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। নতুন চুক্তি অনুযায়ী, বাংলাদেশ থেকে আগামী বছর মোট ৮৩ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন। সরকারের বিশেষ অনুরোধে সৌদি আরব অতিরিক্ত ৫ হাজার হজযাত্রীর কোটা বৃদ্ধি করেছে।
সোমবার (৯ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় সৌদি আরবের জেদ্দায় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন ধর্মবিষয়ক মন্ত্রী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। সৌদি আরবের পক্ষে স্বাক্ষর করেন দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ।
চুক্তি স্বাক্ষর শেষে ধর্মমন্ত্রী জানান, বাংলাদেশের পক্ষ থেকে হজযাত্রীর কোটা বাড়ানোর বিশেষ অনুরোধ জানানো হলে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী তাৎক্ষণিকভাবে আরও ৫ হাজার কোটা বৃদ্ধির সম্মতি দেন। এর ফলে ২০২৭ সালের জন্য বাংলাদেশের মোট হজ কোটা দাঁড়িয়েছে ৮৩ হাজার ৫০০ জনে।
বৈঠকে হজযাত্রীদের ব্যবস্থাপনা, সুযোগ-সুবিধা এবং সার্বিক হজ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় সৌদি আরবের মিনায় তাঁবুর ধারণক্ষমতার সীমাবদ্ধতার বিষয়টিও আলোচনায় উঠে আসে। তবে অন্য কোনো দেশ তাদের নির্ধারিত কোটা অনুযায়ী হজযাত্রী পাঠাতে ব্যর্থ হলে কিংবা কোনো দেশের কোটা বাতিল হলে সেই অতিরিক্ত কোটা বাংলাদেশকে অগ্রাধিকার ভিত্তিতে দেওয়ার বিষয়টি বিবেচনার আশ্বাস দেওয়া হয়।
ধর্মমন্ত্রী সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে হজ কোটা বৃদ্ধিতে সহযোগিতার জন্য সৌদি হজ ও ওমরাহ মন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান।
ধর্মমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার হজ ব্যবস্থাপনাকে আরও সহজ, স্বচ্ছ ও সেবামুখী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। হজযাত্রীদের উন্নত সেবা নিশ্চিত করতে সরকারের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ও সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, দুই দেশের রাষ্ট্রদূত এবং সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিগত বছরে বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালন করেন। নতুন চুক্তির ফলে আগামী বছর আরও ৫ হাজার মানুষ হজ পালনের সুযোগ পাবেন।