
ময়মনসিংহের ধোবাউড়ায় ৩৬ বোতল ভারতীয় মদসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ। এ সময় জহিরুল ইসলাম (৩৪) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
আজ শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার মুন্সিরহাট ফাজিল ডিগ্রি মাদ্রাসার সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়িতে থাকা অপর একজন মাদক কারবারি কৌশলে পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ধোবাউড়া থানা পুলিশের একটি টিম মুন্সিরহাট ফাজিল ডিগ্রি মাদ্রাসার সামনে অবস্থান নেয়। সকাল ৬টার দিকে একটি সন্দেহভাজন প্রাইভেটকারকে থামানোর সংকেত দেওয়া হয়। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে ৩৬ বোতল অবৈধ ভারতীয় মদ উদ্ধার করা হয় এবং গাড়িটি জব্দ করা হয়।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে এবং পালিয়ে যাওয়া অন্য আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।