উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহত: প্রধান উপদেষ্টার গভীর শোক ও তদন্তের নির্দেশ
- Update Time : ০৫:০৯:২২ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
- / ১৪৩ Time View

রাজধানী ঢাকা, ২১ জুলাই, ২০২৫: রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার দুপুরে উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল এবং পরে এটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট এবং সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন।
প্রধান উপদেষ্টার শোকবার্তা:
এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, “রাজধানীর উত্তরায় দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে আজ বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। তিনি আরও বলেন, “এই দুর্ঘটনায় বিমানসেনা ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারীসহ অন্যান্যদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। জাতির জন্য এটি একটি গভীর বেদনার ক্ষণ।
অধ্যাপক ড. ইউনূস আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং সংশ্লিষ্ট হাসপাতালসহ সকল কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবিলার নির্দেশ প্রদান করেছেন। তিনি নিশ্চিত করেন যে, সরকার দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং সব ধরনের সহায়তা নিশ্চিত করবে।
হতাহতের সংখ্যা ও উদ্ধার তৎপরতা:
শেষ খবর পাওয়া পর্যন্ত, এই দুর্ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন শতাধিক, যাদের বেশিরভাগই শিক্ষার্থী। আহতদের চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, দগ্ধদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনায় হতাহতদের স্মরণে মঙ্গলবার সারাদেশে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। এদিন দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। এছাড়াও, নিহতদের আত্মার শান্তি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।










