লামায় নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিরাপত্তা সভা ও সাংবাদিকদের সাথে মতবিনিময়
- Update Time : ১০:৪৫:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
- / ৬ Time View

লামা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম সেনা জোনের উদ্যোগে লামায় এক বিশেষ নিরাপত্তা সভা ও সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৫ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১১টায় লামা উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন। প্রধান অতিথি ছিলেন আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ আশিকুর রহমান আশিক, এসপিপি, পিএসসি (অধিনায়ক, ৩১ বীর)।
সভায় লামা ও আলীকদম উপজেলার ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা, ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিতকরণ, ভোটারদের নির্বিঘ্ন উপস্থিতি এবং নির্বাচনকালীন সম্ভাব্য চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। এতে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসার-ভিডিপি ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা শেষে জোন কমান্ডার স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। তিনি বলেন, শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সব বাহিনী সমন্বিতভাবে কাজ করবে।
একই সঙ্গে তিনি দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।









