যে মাইকে প্রতিদিন শোনাতেন ইমানের ডাক, আজ বাজল তাঁরই প্রয়াণ সংবাদ
- Update Time : ০৩:৫০:৩৮ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
- / ১৭ Time View

রাশেদ আহমদ, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি:
যে মাইক থেকে এতদিন প্রতিদিন ভেসে আসত তৌহিদ ও দ্বীনের মিষ্টি আহ্বান, সেই মাইক থেকেই আজ ভেসে এলো পরম বেদনাবিধুর এক সংবাদ। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের ঐতিহ্যবাহী হাসামপুর জামে মসজিদের দীর্ঘদিনের ইমাম ও শিক্ষক হাফিজ ক্বারী আব্দুল মতিন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ বুধবার সকাল ৯টার দিকে হাসামপুর জামে মসজিদে পেশাগত ও দ্বীনি দায়িত্ব পালনরত অবস্থাতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি কর্মধা ইউনিয়নের নুনা হুসনাবাদ গ্রামের স্থায়ী বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তিনি দীর্ঘদিনের সহকর্মী, অজস্র শিক্ষার্থী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি একাধারে হাসামপুর জামে মসজিদের ইমাম এবং লংলা রাশিদিয়া শমশেরিয়া হাফিজিয়া মাদরাসা ও জকিয়া বেগম এতিমখানা ও ছাত্রাবাসের শিক্ষক হিসেবে জীবনের একটি বড় সময় দ্বীনের খেদমতে উৎসর্গ করেছিলেন।
মসজিদে দায়িত্ব পালনকালে হঠাৎ তাঁর এই প্রয়াণের খবরে পুরো এলাকা জুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। প্রিয় শিক্ষক ও ইমামকে হারিয়ে স্থানীয় মুসল্লি, শিক্ষার্থী এবং সহকর্মীরা শোকবিহ্বল হয়ে পড়েছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ বুধবার বিকেল ৫টা ৩০ মিনিটে কর্মধা ইউনিয়ন বাজার শাহী ঈদগাহ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
মরহুমের রুহের মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে সর্বস্তরের মানুষের কাছে দোয়া চাওয়া হয়েছে। মহান আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এ অপূরণীয় ক্ষতি সহ্য করার তাওফিক দান করুন। আমীন।






















