চন্দ্রমোহন ইউপি নির্বাচন: ৮নং ওয়ার্ডে পরিবর্তনের প্রত্যয়ে মেম্বার প্রার্থী মাওলানা জাবেদ, জনমনে ব্যাপক সাড়া
- Update Time : ০৯:১০:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
- / ১২ Time View

নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ১০নং চন্দ্রমোহন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮নং ওয়ার্ড (টুমচর গ্রাম) থেকে ইউপি সদস্য (মেম্বার) পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তরুণ সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা মাওলানা আব্দুল্লাহ আল জাবেদ (নাঈম)। সৎ, যোগ্য ও তারুণ্যদীপ্ত নেতৃত্বের প্রত্যাশায় স্থানীয় সাধারণ মানুষের দোয়া ও সমর্থন নিয়ে তিনি নির্বাচনী মাঠে নেমেছেন।
মাওলানা আব্দুল্লাহ আল জাবেদ (নাঈম) বিশিষ্ট আলেম হাফেজ মাওলানা রফিকুল ইসলাম হুজুরের বড় ছেলে। শিক্ষাজীবনে তিনি কামিল (ফিকহ-ফার্স্ট ক্লাস) ও ইসলামিক স্টাডিজে অনার্স সম্পন্ন করেছেন। এছাড়া তিনি স্বেচ্ছাসেবী সংগঠন ‘ব্রাদারহুড ব্লাড ডোনেশন গ্রুপ’-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কার্যক্রমে সক্রিয় রয়েছেন।
এলাকার উন্নয়ন ও পরিবর্তনের অঙ্গীকার নিয়ে তিনি জনগণের সামনে বেশ কিছু সুনির্দিষ্ট পরিকল্পনা তুলে ধরেছেন। তার প্রধান অঙ্গীকারগুলোর মধ্যে রয়েছে:
ন্যায় ও ইনসাফভিত্তিক একটি আদর্শ সমাজ গঠন।
ওয়ার্ডের রাস্তাঘাট ও সামগ্রিক যোগাযোগ ব্যবস্থার টেকসই উন্নয়ন।
সামাজিক অবক্ষয়, ও বিভিন্ন অপতৎপরতার বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা।
এলাকায় সচেতন ও ঐক্যবদ্ধ যুবসমাজ গঠনের পাশাপাশি খেলাধুলার উপযুক্ত পরিবেশ তৈরি।
একটি আধুনিক ও সমৃদ্ধ পাঠাগার প্রতিষ্ঠা করা।
মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পড়াশোনায় নিয়মিত সহযোগিতা প্রদান এবং দুস্থ মানুষের পাশে দাঁড়ানো।
জনপ্রতিনিধি হিসেবে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতি মাসে ওয়ার্ডবাসীর সঙ্গে উন্মুক্ত মতবিনিময় সভার আয়োজন।
তরুণ এই প্রার্থীকে ঘিরে টুমচর গ্রামের সাধারণ ভোটারদের মাঝে তৈরি হয়েছে নতুন উদ্দীপনা ও ইতিবাচক প্রতিক্রিয়া।
স্থানীয় প্রবীণ বাসিন্দা হাজী মো. রফিকুল ইসলাম বলেন, “আমরা দীর্ঘদিন ধরে একই ধারা দেখে আসছি, এবার একজন সৎ, পরোপকারী ও শিক্ষিত আলেমকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চাই। জাবেদের পারিবারিক সুনাম রয়েছে, সে নির্বাচিত হলে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে বলে আমাদের বিশ্বাস।”
ওয়ার্ডের তরুণ ভোটার ও কলেজশিক্ষার্থী সাকিব হাসান জানান, “রক্তদানসহ বিভিন্ন মানবিক কাজে নাঈম ভাইকে আমরা সবসময় পাশে পেয়েছি। যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে খেলাধুলা ও শিক্ষার পরিবেশ তৈরিতে তার মতো তরুণ নেতৃত্বের আজ খুব দরকার। তরুণ প্রজন্ম পরিবর্তনের পক্ষে।”
ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেন বলেন, “জনপ্রতিনিধিদের কাছে মানুষের প্রত্যাশা থাকে সেবা ও সততা। জাবেদের প্রতি মাসের জবাবদিহিমূলক মতবিনিময় সভার উদ্যোগটি দারুণ। কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, এলাকার মানুষের প্রয়োজনে এমন একজন আন্তরিক অভিভাবকই আমাদের ৮নং ওয়ার্ডের জন্য প্রয়োজন।”
প্রার্থী মাওলানা আব্দুল্লাহ আল জাবেদ (নাঈম) জানান, ব্যক্তিস্বার্থ নয় বরং তারুণ্যের শক্তি ও নৈতিকতাকে কাজে লাগিয়ে টুমচর গ্রাম তথা ৮নং ওয়ার্ডকে একটি আধুনিক, বৈষম্যহীন ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলাই তার মূল লক্ষ্য। তিনি ওয়ার্ডবাসীর দোয়া, ভালোবাসা ও সার্বিক সমর্থন প্রত্যাশা করেছেন।

























